
খুকৃবি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত হয় রচনা প্রতিযোগিতা। পরবর্তীতে নগরীর শিববাড়িস্থ 'জুলাই চত্বর' স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার এ পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার বলেন, "জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে বৈষম্য, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি যুগিয়েছে।" তিনি আরও বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তব্য শেষে তিনি শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। দিনের শেষভাগে এক আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির সর্বাত্মক উদযাপন সমাপ্ত হয়।