
তাওহীদ হাসান পিয়াল - খুকৃবি প্রতিনিধি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) নবীন শিক্ষার্থীদের আবাহন ও শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক সূচনায় বর্ণাঢ্য ‘ওরিয়েন্টেশন-২০২৬’ উদযাপিত হয়েছে। গত ১৫ আগস্ট (শনিবার) সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। মূল আয়োজনের আনুষ্ঠানিকতা শুরুর প্রাক্কালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা ঘটে। অভ্যাগত অতিথি ও নবীন শিক্ষার্থীবৃন্দকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অনুষদে অনন্য শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘ডিনস অ্যাওয়ার্ড’ হস্তান্তর করা হয় এবং নবীন ও কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন খুকৃবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। তিনি নবাগতদের শুভেচ্ছা জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী স্মরণের পাশাপাশি ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪-এর গণআন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা সামলে টেকসই কৃষিব্যবস্থা গঠনে গবেষণা ও নব উদ্ভাবনের ওপর জোর দিয়ে তিনি শিক্ষার্থীদের দক্ষ, মানবিক, সৎ ও উদ্ভাবনী কৃষিবিদ হওয়ার আহ্বান জানান, যেন তারা দেশের প্রায় ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের গুরুদায়িত্ব সফলভাবে পালন করতে পারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন তাঁর ভাষণে দেশের অর্থনীতির মূলভিত্তি হিসেবে কৃষির বহুমাত্রিক সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, ডিজিটাল শিক্ষাব্যবস্থা, খাল খনন ও কৃষি কার্ড বাস্তবায়নের তাগিদ দেওয়ার পাশাপাশি খুকৃবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণে যাবতীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম নবীনদের অভিনন্দন জানান এবং অবকাঠামোগত নানা প্রতিকূলতা সত্ত্বেও খুকৃবি উপাচার্যের নেওয়া শিক্ষা ও গবেষণামুখী পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন খুকৃবির ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, ভারপ্রাপ্ত registrar মোঃ রেজাউল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শেখ মাহমুদুল হাসান, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের কৃষিবিদরা।
এ একাডেমিক উৎসবের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল শিল্প ও শিক্ষা খাতের মেলবন্ধনে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর। এসিআই মোটরস, লাল তীর এবং বায়ারস ক্রপ সায়েন্স—এই তিনটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সাথে খুকৃবির দ্বি-পাক্ষিক চুক্তি সম্পাদিত হয়, যা শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান ও গবেষণাভিত্তিক প্রযুক্তি হস্তান্তরে বড় ভূমিকা রাখবে। নবীন শিক্ষার্থীরা জাতীয় উন্নয়ন ও কৃষিতথ্যের প্রসারে কাজ করার প্রত্যয় নিয়ে তাঁদের নতুন বিদ্যায়তনিক যাত্রা শুরু করেন।