
বেবি চক্রবর্ত্তী :- নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলা আদায়ের অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফ আই আর দায়ের করার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর এক আদালত।
কর্নাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের তরফে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। এই ঘটনার পর কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নির্মলা সীতারামনের ইস্তফা দাবি করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা ছাড়াও কর্নাটকের বিজেপি নেতা নলিন কুমার কাতিল, বি ওয়াই বিজয়েন্দ্র এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বিরুদ্ধেও তিনি অভিযোগ দায়ের করেছেন। ইডি দিয়ে তল্লাশি চালানোর চাপ দিয়ে কর্পোরেট সংস্থাগুলিকে কোটি কোটি টাকার ইলেক্ট্রেরাল বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল এই অভিযোগই করেছেন আদর্শ আইয়ার। এছাড়াও বিজেপির জাতীয় ও রাজ্য স্তরের নেতারাও জড়িত আছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। নির্বাচনী বন্ড একটি নীতিগত বিষয়, অপরাধমূলক নয়। সিদ্দারামাইয়ার বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ নিয়েও বিজেপি আক্রমণ করতে ছাড়েনি।
এসবিআই এর তথ্য অনুযায়ী জানা গেছে ৬৯৮৬.৫ কোটি টাকা গেরুয়া শিবিরের তহবিলে জমা পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে পাল্টা তোপ দেগে বলেছেন ” নির্বাচনী বন্ড থেকে আয়ের ৬৩ শতাংশই গেছে বিরোধীদল গুলোর কাছে। ৩৭ শতাংশ অর্থ পেয়েছে বিজেপি।, তাহলে বিরোধীরা কেন আমাদের দিকে আঙ্গুল তুলছে”?