
উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা):
নেত্রকোণার কেন্দুয়ায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আসামি করার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে রকি মিয়া (২৩) ও রাব্বি মিয়া (২১) নামে দুই সহোদর ভাইকে মামলায় জড়ানো হয়েছে। অথচ ঘটনার দিন তারা এলাকায় ছিলেন না।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে বিষ্ণুপুর গ্রামে হামলায় মাজু মিয়া (৬৫) আহত হন। এ ঘটনায় বকুল মিয়া বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় রকি মিয়া ও রাব্বি মিয়ার বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার অভিযোগ করা হয়েছে।তবে পরিবারের দাবি, ঘটনার সময় রকি ও রাব্বি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলেন। তারা ঘটনার দিন উপস্থিত না থাকার পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র দেখিয়ে সত্যতা প্রমাণের চেষ্টা করেছেন। রকি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং রাব্বি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।তাদের মা রওশন আরা বলেন, ‘পূর্বশত্রুতার জেরে আমার ছেলেদের আসামি করা হয়েছে। ঘটনার দিন তারা এলাকাতেই ছিল না। আমি আমার সন্তানদের এই প্রহসনের মামলা থেকে অব্যাহতি চাই।’
পরিবারটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে।