
বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- আরজি করের ঘটনা নিয়ে ছবি তৈরি ‘দলবিরোধী’ এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েই সাসপেন্ড করা হয় তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদারকে। সাসপেন্ড করা হয়েছে এই ছবির প্রযোজক ও তৃণমূল ছাত্র পরিষদের আর এক নেতা তথা রাজন্যার স্বামী প্রান্তিক চক্রবর্তীকেও। কিন্তু তারপরেও শর্টফিল্ম নিয়ে নিজের অবস্থান থেকে সরতে নারাজ 'আগমনী তিলোত্তমার গল্প’ ছবির অভিনেত্রী রাজন্যা এবং পরিচালক প্রযোজক প্রান্তিকও।
শুক্রবার তাঁদের ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরই বিতর্ক শুরু হয় । এমন এক স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরিতে সায় নেই তৃণমূলের । এই বিষয়ে সংবাদ মাধ্যমকে রাজন্যা জানালেন, তাঁদের ছবিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না ।
রাজন্যা হালদারের স্পষ্ট বক্তব্য, "দলের অনুমতি নেওয়ার মতো বিষয় ছিল না!" বরং উল্টে তিনি প্রশ্ন তুলেছেন দলের বেশ কিছু কার্য-কারণে। তাঁর প্রশ্ন, "কুণাল ঘোষ যখন গান লেখেন, দেব যখন সিনেমা করেন, তখন দলের অনুমতি নেন?ছবি তৈরি করে আমি যদি বলতে না পারি, কোন সময়কালের ঘটনা তুলে ধরছি, তা হলে তো কোনও প্রাসঙ্গিকতাই থাকবে না'।