মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রাম সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাক্টর চাপায় আপন দুই বোন নিহত হয়েছেন।নিহতরা হলেন, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া বেগম ও সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদের স্ত্রী পারভীন বেগম।
বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রোকেয়া ও পারভীন আপন দু-বোন দাওয়াত খেয়ে ভাইয়ের জন্য খাবার পৌঁছে দিয়ে স্বজনদের বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে পৌছিলে কাঁঠালবাড়ীগামী দ্রুত গতির একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলে রোকেয়া বেগম মারা যান।গুরুতর আহত পারভীন বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।