মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
এইচএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।
বৃহস্পতিবার (১০ জুলাই) কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় জেলা অফিসে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে কৃতীদের ফুল ও শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জেলা সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, “তোমাদের এই সাফল্য পরিশ্রম, সাধনা ও আল্লাহর রহমতের ফসল। এজন্য সর্বাগ্রে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। তবে মনে রাখতে হবে, এই ফলাফলই জীবনের শেষ নয়— বরং এটি সাফল্যের পথে প্রথম ধাপ। অহংকার নয়, এ অর্জন হোক বিনয় ও মানবিক দায়িত্ববোধের অনুপ্রেরণা।”
জেলা সভাপতি মুকুল হোসেন তার বক্তব্যে বলেন, “জ্ঞানকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করো। পিতা-মাতা ও শিক্ষকদের অবদান কখনো ভুলে যেও না। বন্ধুদের মধ্যে যারা পিছিয়ে আছে, তাদের পাশে দাঁড়াও। সামনের দিনগুলোয় নিজেকে গড়ে তোলো এমনভাবে, যেন সমাজ তোমাকে দেখে বলে— ‘এই তো প্রকৃত সফল মানুষ।’”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের মাঝে দোয়া ও শুভকামনা জানানো হয়।