
মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আগামী ১৫ জুলাই (মঙ্গলবার) কুড়িগ্রাম সফরে আসছেন। এ উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে এই সফর ঘিরে পৌর এলাকার সবুজপাড়া সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে জেলা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টায় কুড়িগ্রাম পৌরসভার সংলগ্ন ঈদগাহ ময়দানে এক অনুষ্ঠানে অংশ নেবেন কুড়িগ্রামের কৃতি সন্তান এডভোকেট রুহুল কবির রিজভী। সেখানে তিনি চলতি বছরের জুলাই-আগস্ট মাসে গণ-আন্দোলনে নিহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে সহায়তা প্রদান করবেন।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য ওমর ফারুক, সদস্য আব্দুল আজিজসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আগামী ১৫ জুলাই অনুষ্ঠানের সফল আয়োজনের লক্ষ্যে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং নির্ধারিত সময়েই সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান।
জেলা বিএনপি আশা করছে, রিজভীর আগমন এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের এই কর্মসূচি দলের তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।