
মো: সালাউদ্দীন - পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে যান্ত্রিক উপায়ে বালু উত্তোলনের দায়ে ইজারাদারের এক প্রতিনিধিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ অক্টোবর) দেবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে করতোয়া নদীর দেবীডুবা ইউনিয়নের হালিমের ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো মেশিনের সন্ধান পাওয়া যায়। এসব মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে স্তূপ করে রাখা হতো। পরে সেখান থেকে ট্রাক্টরের মাধ্যমে বালু পরিবহন করা হতো।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদারের প্রতিনিধি মোতাহার হোসেনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ বিন জিয়া।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া বলেন, ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে আবারও অভিযান পরিচালনা করা হবে।