সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালীর উত্তরাঞ্চলবাসীর বহু প্রতীক্ষার অবসান ঘটলো। সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা প্রাক-নিকার সচিব কমিটি আনুষ্ঠানিকভাবে “মাতারবাড়ী বন্দর থানা” গঠনের প্রস্তাব অনুমোদন করেছে।
গত ৩ সেপ্টেম্বর ২০২৫ (১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ) তারিখে স্বাক্ষরিত ও অনুষ্ঠিত সভায় জননিরাপত্তা বিভাগ প্রস্তাবটি উপস্থাপন করে, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে মহেশখালীর উত্তরাঞ্চলের প্রশাসনিক কাঠামোয় এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হলো।
মাতারবাড়ী, কালারমারছড়া, ধলঘাটা, হোয়ানক ও আশপাশের জনবসতিপূর্ণ এলাকায় এখন থেকে আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক তদারকি ও জনসেবামূলক কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
সূত্র জানায়, মাতারবাড়ী কেন্দ্রিক গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎকেন্দ্র এবং অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে বাড়তে থাকা উন্নয়ন কর্মকাণ্ডের নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদার করতেই নতুন থানার অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পর এই সিদ্ধান্ত মহেশখালীর উত্তরাঞ্চলের মানুষের জন্য এক ঐতিহাসিক অর্জন।