
গাইবান্ধা প্রতিনিধি:
সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তার অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের জেলা পুলিশ লাইনস রোডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে চিত্রনায়িকা পরীমনি ও তাঁর নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। ওই সাংবাদিকের বিরুদ্ধে অশালীন স্পর্শের অভিযোগ তুলে তাঁকে গালিগালাজ ও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং তাঁদের সম্মানহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশ থেকে পরীমনি ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তাঁকে বয়কটের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি পরীমনি-সংক্রান্ত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানান সাংবাদিক নেতারা।
এ সময় সাংবাদিক নেতা শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে চট্টগ্রামে অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ থেকেও সাংবাদিকদের প্রতিবাদের মুখে পরীমনিকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।
সাংবাদিকদের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বয়কটের ঘোষণা অব্যাহত রয়েছে।