
বেবি চক্রবর্ত্তী :- একগুচ্ছ কর্মসূচি নিয়ে শনিবার রাতে বিএসএফের বিমানে কলকাতা এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাত ১০ঃ২৫ নাগাদ অমিত শাহকে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিএসএফের বিমান। এরপর তিনি রাত্রি বাসের জন্য রাজারহাটের একটি হোটেলের উদ্দেশ্যে রওনা হন। বিজেপি সূত্রে জানা গেছে রবিবার সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবার জন্য তিনি হেলিকপ্টারে কল্যানী যাবেন। দুপুরে কলকাতায় ফিরে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দেবেন। এছাড়াও আসন্ন উপ নির্বাচন উপলক্ষে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকেই তিনি বিজেপি সাংগঠনিক হাল - হকিকত সম্পর্কে ড: সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর কাছে খোঁজ - খবর নেবেন। তারপর রাজারহাটে হোটেলে ফিরে মধ্যাহ্নভোজ ছেড়ে সন্ধ্যার মধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তবে তাঁর এই নির্ধারিত কর্মসূচির মধ্যে কোন একটি সময় বার করে আরজিকর হাসপাতলের মৃত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য নির্যাতিতার বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে তার সাথে দেখা করার সময় চেয়েছিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যে অভয়ার পরিবারের সাথে দেখা করবেন কিনা তা এখনও চূড়ান্ত নয়। যদিও রাজ্য বিজেপি চাইছে অভয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরজি কর ইস্যুতে যেভাবে সর্বত্র সরগরম হয়ে আছে তাতে অমিত শাহ -র মত সর্বভারতীয় হেভিওয়েট নেতা মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিচারের দাবীকে সমর্থন জানালে আন্দোলন আরো দৃঢ় হবে।