
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুধ ও দুগ্ধজাত পণ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভেজাল প্রমাণিত হওয়ায় একটি ঘোলঘরসহ কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে দুধের গুণগত মান পরীক্ষা করা হয়। বিশেষ করে দহকুলা বাজার ও বাল্যপাড়া এলাকায় দুধ পরীক্ষা করে অধিকাংশ ক্ষেত্রেই দুধের মান সন্তোষজনক পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে সলপ ইউনিয়নের সলপ এলাকায় অবস্থিত একটি ঘোলঘরে ভেজাল প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করে। ওই ঘোলঘরের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেক নিষিদ্ধ ঘোষিত চিনি ব্যবহার করে ঘোল তৈরি করায় খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
জরিমানার অর্থ আদায় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত উপজেলার আরও দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একটি ঘোলের দোকান ও একটি মিষ্টির দোকানে ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে অর্থদণ্ড প্রদান করেন।
জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।