
মো:কোরবান আলী রিপন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৬ দিনে পৌর এলাকার অন্তত ৯টি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে গভীর রাতে বিভিন্ন বাড়িতে হানা দিচ্ছে। বিশেষ করে বাড়ির লোকজন অনুপস্থিত থাকা বা ঘুমের সুযোগ কাজে লাগিয়ে তারা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছে।
পৌরবাসীর দাবি, ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটলেও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। এতে করে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।
সচেতন মহল বলছে, এভাবে চুরির ঘটনা বাড়তে থাকলে এলাকায় আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটবে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিয়মিত টহল বৃদ্ধি এবং আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।
এদিকে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অনেকেই রাতের বেলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন। কেউ কেউ স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থাও চালু করেছেন। তবে ভুক্তভোগীদের মতে, স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগই এখন একমাত্র ভরসা।