
মো:কোরবান আলী রিপন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট উত্তেজনা রূপ নিয়েছে সহিংসতায়। এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান বিজয়ী হন। ফলাফল ঘোষণার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের সমর্থক হিসেবে চিহ্নিত এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, সন্ধ্যার দিকে একদল ব্যক্তি অতর্কিতভাবে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাট করে। এতে প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লাপাড়া থানার পুলিশ জানায়, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে নির্বাচন-পরবর্তী এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।