
মো: কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৩ নম্বর উধুনিয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসির হোসেন। নির্বিঘ্নে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি তদারকিতেও অংশ নেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজা উদযাপনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
নাসির হোসেন ইউনিয়নের দওখারুয়া সার্বজনীন দুর্গা মন্দির, তেলিপাড়া পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, ফাজিলনগর আদিবাসী সার্বজনীন দুর্গা মন্দির, তেলিপাড়া পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির এবং বেলাই আদিবাসী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিমা বিসর্জন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
পরিদর্শনকালে স্থানীয় সাধারণ মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন নাসির হোসেন। তিনি বলেন, “উধুনিয়া ইউনিয়নের মানুষ যদি আমাকে তাদের সেবা করার দায়িত্ব দেন, তাহলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করব। আমি মানুষের নেতা হতে চাই না, মানুষের সেবক হতে চাই। জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে জনগণের ভালোবাসা, সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় উধুনিয়া ইউনিয়নকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে নাসির হোসেনের এ কার্যক্রমে ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জনসেবার প্রত্যয় উঠে আসে।