
বেবি চক্রবর্ত্তী :- বুধবার থেকে শুরু হল উত্তরপ্রদেশে সেমিকন ইন্ডিয়া ২০২৪ সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন " এটাই ভারতে থাকার সঠিক সময়। আপনারা সঠিক সময় ও সঠিক স্থানে রয়েছেন। একবিংশ শতাব্দীতে চিপ নিয়ে সমস্যা হবে না। আজকের ভারত বিশ্বকে এটা বিশ্বাস করাতে পেরেছে যদি চিপের সংকট দেখা দেয় আপনারা ভারতের উপরে নির্ভর করতে পারেন"। দেশের ইলেকট্রনিক্স ক্ষেত্র এখন ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের। কিন্তু প্রধানমন্ত্রী লক্ষ্য এই দশকের শেষেই সেটা ৫০০ বিলিয়ন মার্কিন ডলার করার। " আমরা ৮৫ হাজার প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার এবং গবেষণা উন্নয়ন বিশেষজ্ঞদের একটি কর্মী বাহিনী প্রস্তুত করছি। ভারতের ফোকাস রয়েছে তার পড়ুয়া এবং পেশাদারদের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রস্তুত করা "। এদিনের এই অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী একথাও বলে গেলেন। এই অনুষ্ঠানে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন " এখনো পর্যন্ত ডিজিটাল ইন্ডিয়া মিশন বা টেলিকম মিশনের মত পদক্ষেপ এর মাধ্যমে প্রযুক্তি পৌঁছে গেছে নাগরিকদের হাতে। এর ফলে দেশে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নতি হয়েছে প্রভূত"।চলতি বছরে সেমিকন ইন্ডিয়া ২০২৪ ইভেন্টের থিম হল 'শেপিং দ্যা সেমিকন্ডাক্টর ফিউচার'। তিন দিনের এই সম্মেলনটি সেমিকন্ডাক্টর কৌশল এবং নীতি প্রদর্শনের জন্য সেট করা হয়েছে যা দেশকে সেমিকন্ডাক্টর গুলির জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র করে তোলার পরিকল্পনা আছে।