
টেকনাফ প্রতিনিধি //
উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল জসিমের ঘের এলাকায় অভিযানটি পরিচালনা করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল সেখানে অবস্থানকালে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসা দুই ব্যক্তিকে দেখতে পায়। তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে হেলাল মিয়া (২৫)-কে আটক করা হয়। তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হেলাল মিয়া কক্সবাজারের টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।
বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।