
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ ১২ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (০৫ জুন) রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার ইছাকের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় থার্মাল ডিভাইসের মাধ্যমে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি নন-লেথাল অস্ত্র ব্যবহার করে দুই রাউন্ড প্রাণঘাতী নয় এমন গুলি ছোড়ে। এতে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা তিনটি পলিথিনের পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতরে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ২ লাখ ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৩ হাজার ৬০০ টাকা।
ঘটনার পর বিজিবি পালিয়ে যাওয়া চোরাকারবারিদের গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।