
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাবনা সদর,দাপুনিয়া ইউনিয়ন,খোকড়া হাকিমিয়া আফসারিয়া খানকা শরীফের উদ্যোগে এক বিশাল জশনে জুলুশ (র্যালী) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত র্যালীতে কয়েক শত মোটসাইকেলসহ হাজার হাজার ধর্মপ্রাণ নবীপ্রেমী মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম (পীর কেবলা সাহেব)-এর নেতৃত্বে র্যালীটি খানকা শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মাধপুর, দাপুনিয়া, জতাদম, সিটগোডাউন, আটমাইল হয়ে দাশুড়িয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে এসে সমাপ্ত হয়। পুরো পথজুড়ে নবীপ্রেমীদের কণ্ঠে দরুদ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।
র্যালী শেষে খানকা শরীফ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পীর কেবলা সাহেব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে মিলাদ মাহফিল ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই জশনে জুলুশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।