
তাওহীদ হাসান পিয়াল -নিজস্ব প্রতিবেদক
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১৯ মে (মঙ্গলবার) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এই হিসাব অনুযায়ী, আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার) দেশব্যাপী পবিত্র ঈদুল আযহা বা কোরবানি ঈদ উদযাপিত হবে।
আজ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়ে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। সব তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ইসলামী শরিয়ত অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন।
এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আযহা আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে বলে সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও দেশে ২৮ মে পবিত্র ঈদুল আযহা পালিত হতে যাচ্ছে।