
মোঃ রাজু শেখ, চট্টগ্রাম।
মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।
১২ অক্টোবর ভোর ৫টা থেকে শুরু হওয়া এ অভিযানে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী, আউটপোস্ট পতেঙ্গা, কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা, স্টেশন হাতিয়া, স্টেশন পাথরঘাটা ও স্টেশন বরিশালের সদস্যরা অংশ নেন। অভিযানে মৎস্য অধিদপ্তরও সমন্বিতভাবে অংশগ্রহণ করে।
অভিযানটি চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন আকমল আলী ঘাট ও রাশমণি ঘাটসহ ভোলার মনপুরা থানাধীন জংলার খাল ও ট্যাকের ঘাট, হাতিয়া থানাধীন সুইজ খাল ও জাহাজমারা এলাকায় পরিচালিত হয়।
এ ছাড়া বরগুনার পাথরঘাটা থানাধীন বিষখালী নদীর ছনবুনিয়া, কালমেঘা ও বাইনচটকি ফেরিঘাট এবং বরিশালের বেলতলা ফেরিঘাট, তালতলী ও চরমোনাই-সংলগ্ন এলাকাতেও যৌথ অভিযান চালানো হয়।
“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬”-এর আওতায় পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য হলো ইলিশের প্রজনন রক্ষা, নিষিদ্ধ সময়ে মাছ আহরণ প্রতিরোধ এবং ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধিতে সহায়তা করা।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তবে অভিযানে আটক, জব্দ কিংবা জরিমানার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।