
তাওহীদ হাসান পিয়াল -খুকৃবি প্রতিনিধি
আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী শিক্ষাক্রম চালুর লক্ষ্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ১৫ ও ১৬ সেপ্টেম্বর অডিটোরিয়ামে ‘ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক এই কর্মসূচি আয়োজন করা হয়। আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. এম এ হান্নানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোঃ আসাদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। এছাড়া অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা জানান, বৈশ্বিক প্রেক্ষাপট ও দেশের দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ক্ষেত্রে তৈরি হওয়া নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রণয়ন অপরিহার্য। ইউজিসি সদস্য ড. মাছুমা হাবিব শিক্ষার্থীদের কেবল একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, নেতৃত্ব ও বাস্তবমুখী দক্ষতার বিকাশে ওবিই কারিকুলামের গুরুত্ব তুলে ধরেন। উপাচার্য ড. মো. আসাদুজ্জামান সরকার খুকৃবিকে আধুনিক ও মানসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহেদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সেশনগুলোতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও গবেষকবৃন্দ অংশ নেন। বক্তাদের মতে, এই ওবিই পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে দেশের উচ্চশিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি হবে।