মোজাম্মেল হক হিরণ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ বিভাগের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচটি উপজেলার সাধারণ মানুষ ঢাকা-কিশোরগঞ্জ রুটের আন্তঃনগর ট্রেন ‘এগারোসিন্ধু প্রভাতী/গোধূলী’ (ট্রেন নং ৭৩৭/৭৫০) আঠারবাড়ী রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই অঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত।
স্থানীয়রা জানান, আঠারবাড়ী রেলওয়ে স্টেশন শুধু একটি সাধারণ স্টেশন নয়; এটি ঈশ্বরগঞ্জ, নান্দাইল, কেন্দুয়া, মদন ও কালিয়াজুরী—এই পাঁচটি উপজেলার মানুষের আঞ্চলিক যোগাযোগের প্রাণকেন্দ্র। অথচ ঢাকা-কিশোরগঞ্জ রুটের সব আন্তঃনগর ট্রেন কেবল কিশোরগঞ্জ পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।
তাদের প্রশ্ন, আঠারবাড়ী স্টেশনের যাত্রী চাহিদা ও অবকাঠামোগত সক্ষমতা থাকা সত্ত্বেও কেন এই বৈষম্য বজায় রাখা হচ্ছে। ঈশ্বরগঞ্জ থেকে শুরু করে কেন্দুয়া, মদন ও কালিয়াজুরীর মানুষেরা রেলওয়ে সেবার ক্ষেত্রে নিজেদের বঞ্চিত মনে করছেন।
দাবিদারদের মতে, ট্রেন বর্ধিতকরণ পুরোপুরি সম্ভব এবং বাস্তবায়নযোগ্য। তারা বলেন, “ঢাকা থেকে আসা এগারোসিন্ধুর ট্রেন প্রতিদিন কিশোরগঞ্জ স্টেশনে প্রায় দুই ঘণ্টা অলসভাবে অবস্থান করে। এই সময়টুকু ব্যবহার করে ট্রেনটি সহজেই আঠারবাড়ী পর্যন্ত গিয়ে ফিরে আসতে পারে।”
কিশোরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত দূরত্ব মাত্র প্রায় ২৫ কিলোমিটার। এছাড়া আঠারবাড়ী স্টেশনে লোকোমোটিভ ঘোরানো ও স্যান্টিংয়ের পূর্ণাঙ্গ সুবিধা রয়েছে, ফলে কারিগরি দিক থেকেও কোনো বাধা নেই।
স্থানীয়দের দাবি, ঢাকা-কিশোরগঞ্জ রুটের জনপ্রিয় আন্তঃনগর ট্রেন এগারোসিন্ধুর প্রভাতী ও গোধূলী কমপক্ষে আঠারবাড়ী পর্যন্ত বর্ধিত করা হোক। তারা বলেন, “রেল যোগাযোগে এই অঞ্চলের মানুষের বঞ্চনা আর মেনে নেওয়া হবে না। রেলওয়ের বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
রেলপথ সম্প্রসারণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে এলাকাবাসী শিগগিরই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।##
#মোজাম্মেল হক হিরন
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ