
শাহিন আলম টেকনাফ //
টানা অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকার দুঃস্থ ও পানিবন্দি ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় শাহপরীরদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে এলাকার গরিব, দুঃস্থ ও পানিবন্দি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করে এবং বিজিবির এ উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা।
অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে সংস্থাটি দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।