
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সাহসিকতা, দক্ষতা ও কৌশলী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন কক্সবাজারের মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল। থানার বিশেষ অভিযানে ৮টি সচল আগ্নেয়াস্ত্রসহ দুই আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে।
২ সেপ্টেম্বর (বুধবার) কক্সবাজার জেলা পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান-এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওসি (তদন্ত) প্রতুল কুমার শীলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৮টি সচল আগ্নেয়াস্ত্রসহ দুই আসামিকে গ্রেপ্তার করে। অভিযানে সাহসিকতা, দক্ষতা ও কৌশলী ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে বিশেষ এ সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি এ সম্মাননা পাওয়া তাঁর ব্যক্তিগত কর্মদক্ষতার পাশাপাশি মহেশখালী থানার সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পেশাদারিত্বেরও স্বীকৃতি। এ ধরনের পুরস্কার মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অপরাধ দমনে আরও উৎসাহিত করবে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।
এদিকে কক্সবাজার জেলা সফরের অংশ হিসেবে বুধবার কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে তিনি প্যারেডে অভিবাদন গ্রহণ করেন এবং পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন। মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে তিনি পুলিশ সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
মাস্টার প্যারেড শেষে অনুষ্ঠিত হয় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিআইজি।
সভায় পুলিশ সদস্যদের ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মানবিক আচরণের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি। একই সঙ্গে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।