
মো:কোরবান আলী রিপন,উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া এলাকায় পুকুর সংস্কারের সময় একটি প্রাচীন কষ্টিপাথরের দুর্গা মূর্তি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলাকার একটি পুকুর সংস্কার কাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে শক্ত কোনো বস্তুর সন্ধান পান। পরে খনন করে একটি কষ্টিপাথরের তৈরি দুর্গা মূর্তি উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে মূর্তিটি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ জমা দেওয়া হয়েছে।
স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মূর্তিটি বহু বছরের পুরোনো এবং এটি ঐতিহাসিক গুরুত্ব বহন করতে পারে। বিষয়টি নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি যথাযথ সংরক্ষণের দাবি জানিয়েছেন।