
মোঃ সাইদুল বাসার, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সাব্বির হোসেন (১৩) নামের এক কিশোরকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের বিবরণ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়—
ভোমরা বিওপি: মেইন পিলার ৪/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে লক্ষ্মীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
কাকডাঙ্গা বিওপি: সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ আরবি থেকে ২০০ গজ ভেতরে কেড়াগাছি এলাকা থেকে ১৪ হাজার টাকার ভারতীয় বোরকা এবং আয়সার মোড় এলাকা থেকে ৩ হাজার টাকার ১০ পিস ইয়াবাসহ সাব্বিরকে আটক করা হয়। আটক সাব্বির কলারোয়া উপজেলার পশ্চিম বাকসা গ্রামের মাবুবারের ছেলে।
মাদরা বিওপি: সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৬ আরবি থেকে ২০০ গজ ভেতরে ভাদিয়ালি এলাকা থেকে ৯০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।
অভিযানগুলোতে সর্বমোট ২ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় শাড়ি, বোরকা, মোবাইল যন্ত্রাংশ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনেছিল। ভারতীয় দ্রব্যসামগ্রী এভাবে চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব হারাচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এমন জনস্বার্থমূলক অভিযানকে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং এ ধারা অব্যাহত রাখার অনুরোধ করেছেন।