
মাসুদ রানা, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পরমাছখোলা বাইতুল জান্নাত জামে মসজিদের যুব কমিটির উদ্যোগে আয়োজিত ‘৪০ দিন জামাতে নামাজ’ আদায় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে মসজিদ চত্বরে এক আনন্দঘন পরিবেশে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
কিশোর ও যুবকদের মসজিদের দিকে আকৃষ্ট করতে এবং নিয়মিত নামাজে অভ্যস্ত করার লক্ষ্যে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে পরমাছখোলা বাইতুল জান্নাত জামে মসজিদের যুব কমিটি। টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ তকবিরে উলার সাথে (প্রথম রাকাতে ইমামের সাথে অংশগ্রহণ) জামাতে আদায় করার শর্তে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। এতে এলাকার মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
কঠোর নিয়মানুবর্তিতা মেনে নির্দিষ্ট সময় পার করার পর মোট ৯ জন সফল প্রতিযোগীকে চূড়ান্তভাবে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীকে একটি আকর্ষণীয় বাইসাইকেল প্রদান করা হয়।দ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দ্বিতীয় স্থান অধিকারীকে পূর্ণাঙ্গ ঈদ বাজার (নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী) উপহার দেওয়া হয়।এছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হয় জায়নামাজ, টুপি, তসবিহসহ বিভিন্ন ইসলামি শিক্ষা ও ব্যবহারিক সামগ্রী।
যুব কমিটির এই মহতি উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী জানান, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও বিপথগামিতা থেকে দূরে রাখতে এমন আয়োজন কার্যকরী ভূমিকা রাখবে। তারা এই আয়োজনের জন্য মসজিদের যুব কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতেও এ ধরনের সুস্থ ও সুন্দর আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে মসজিদের ইমাম ও খতিব, যুব কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।