
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা:
পাবনা জেলাকে মাদকমুক্ত ও অবৈধ আগ্নেয়াস্ত্রমুক্ত করতে চলমান অভিযানের অংশ হিসেবে পাবনা সদর থানা পুলিশ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার পাবনার দিকনির্দেশনায় সদর থানার চৌকস সিআরটি (CRT) টিম বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ভোর রাত ৪টা ৪০ মিনিটে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রাধানগর মজুমদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খন্দকার শাহরিয়ার কবির রিমন (২৩)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৮ চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবারের রিভলভার এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি আসামির ব্যবহৃত ওয়ারড্রপের ড্রয়ার এবং শয়নকক্ষের টয়লেটের অকেজো ফ্লাশ ট্যাংকের ভেতর থেকে পাওয়া যায়।
এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৬৫ এবং জি.আর নম্বর-৪৬৩। মামলাটি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(ফ) ধারায় রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।