
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত কষ্টিপাথরটির সিজার মূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।
২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়া সীমান্তের ২৮২/২৫-এস সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুইডোবা এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের খণ্ডটি লুকিয়ে রাখা হয়।
গত ২২ সেপ্টেম্বর রাতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের খণ্ডটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে আরও জানা যায়, ২৩ সেপ্টেম্বর উদ্ধারকৃত কষ্টিপাথরটি পরীক্ষার জন্য নওগাঁর বদলগাছীতে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহারে পাঠানো হয়। পরীক্ষা শেষে সার্টিফিকেট গ্রহণ করে উদ্ধারকৃত কষ্টিপাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।